দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান সংঘাত, অস্থিরতা ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তবে চলমান পরিস্থিতি নিরসনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং খুব শিগগিরই ইতিবাচক সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরোধ, সংঘর্ষ ও প্রশাসনিক জটিলতার কারণে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।
উপদেষ্টা বলেন,
“আমরা গত কয়েকদিনের ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ। তবে আমরা সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।”
তিনি জানান, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সকল পক্ষকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
সি আর আবরার বলেন,
“আমরা বিশ্বাস করি, সব পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারবে। অস্থিরতা নিরসনে আমরা প্রত্যাশা করছি সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবে।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সকল সহায়তা দেবে বলেও জানান তিনি।

