‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই, আর এই দুর্বলতার কারণেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ব্যর্থতার মুখে পড়ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনের আগেই একাধিক সরকার দেখতে পারে দেশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় তিনি এসব কথা বলেন।
রিপন বলেন, “যেভাবে ‘বাহুবলী ওয়ান, টু, থ্রি’ চলে, ঠিক সেভাবেই হয়তো আমরা দেখতে পারি ‘ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু’। জনগণের আশা ছিল একটি নিরপেক্ষ শক্ত অন্তর্বর্তী সরকার আসবে, কিন্তু বাস্তবে তার অভাব স্পষ্ট।”
তিনি মনে করেন, ক্ষমতা গ্রহণে ও তা ধরে রাখার লোভই এই ব্যর্থতার মূল কারণ।
আওয়ামী লীগ সরকারের সমালোচনায় আসাদুজ্জামান রিপন বলেন, “গত ১৫ বছরে একটি ‘ভয়ের সংস্কৃতি’ তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা থাকলে ক্ষমতার পালাবদল সম্ভব নয়—এই ধারণা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এমনকি বড় ব্যবসায়ী মহলেও ছড়িয়ে দেওয়া হয়েছিল।”
তার দাবি, জনগণের মধ্যে চাপা ক্ষোভ থাকলেও রাষ্ট্রীয় স্তরে এই ভয় দীর্ঘদিন ধরে শিকড় গেড়ে বসেছিল।
রিপন তার আগের ভবিষ্যদ্বাণির কথা উল্লেখ করে বলেন, “গত বছর ৩০ মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আমি বলেছিলাম, শেখ হাসিনা পতনের দিকে এগোচ্ছেন। আজ আমরা সেই বাস্তবতা দেখতে পাচ্ছি।”
তিনি বলেন, “আমরা যদি ক্ষমতায় যাই, সেখানেও অনেক চ্যালেঞ্জ থাকবে। এই দেশ চালানো সহজ নয়। সংস্কার, পুনর্গঠন এবং আস্থার জায়গা তৈরিতে কঠিন পরিশ্রম করতে হবে।”
আলোচনায় অংশ নেওয়া অন্যান্য বক্তারাও গণ-আন্দোলনের ভবিষ্যৎ, নির্বাচনকালীন সরকারের কাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বক্তব্য দেন।

