সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ডাকসু প্রচারণায় বহিরাগত অংশগ্রহণ? ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণায় বহিরাগতদের অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ডাকসুতে সমাজসেবা সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মহিউদ্দিন রনি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন—ছাত্রদলের প্যানেলের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সদস্য পদপ্রার্থী হাসিবুর রহমান সাকিবের হয়ে লিফলেট বিতরণ করছিলেন মনিরুজ্জামান নামে এক যুবক। জিজ্ঞাসাবাদের মুখে তিনি নিজেকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের “আবাসিক ছাত্র” বলে দাবি করলেও পরে স্বীকার করেন তিনি আসলে ঢাকা কলেজের শিক্ষার্থী।

মহিউদ্দিন রনি এ ঘটনার ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে লেখেন, “ডাকসুর প্রচারণা চালাচ্ছে ছাত্রদলের রোকেয়া হলের এক ভাই” — যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

একইদিনে রনি তার পেজে আরেকটি ভিডিও প্রকাশ করেন যেখানে কার্জন হল এলাকায় নিত্যনন্দ পাল নামে এক প্রার্থী পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন আরেক বহিরাগত। জিজ্ঞাসায় তিনিও নিজেকে ঢাকা কলেজের ছাত্র বলে স্বীকার করেন।

রনি ভিডিওতে বলেন, “বহিরাগত দিয়ে প্রচারণা শুধু আচরণবিধির লঙ্ঘনই নয়, এটি নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এখন যদি প্রচারণায় বহিরাগত লাগে, ভোটের দিন পরিস্থিতি আরও শঙ্কার জন্ম দিতে পারে।”

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের একজন প্যানেল সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রচারণা চালাচ্ছি। যদি কেউ স্বতঃপ্রণোদিত হয়ে প্রচারণায় অংশ নেয়, সেটা আমাদের জানার কথা নয়। ভিডিওর সত্যতা যাচাই করে আমরা নিজেদের অবস্থান জানাব।”

তবে এই ঘটনায় ছাত্রদলের কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নির্ধারিত প্রচারণাকারীরাই প্রচারণায় অংশ নিতে পারবেন। বহিরাগতদের অংশগ্রহণ নির্বাচনী বিধিভঙ্গ হিসেবে গণ্য হতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভিডিও ও অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন