বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কক্সবাজার সৈকতে সাংবাদিক নুরুল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

ডেস্ক রিপোর্ট।।

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে মোহাম্মদ নুরুল আমিন (২৫) নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিচয় শনাক্ত হয়।

নিহত নুরুল আমিন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা এবং ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।” মরদেহের পকেট থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকিটও পাওয়া গেছে, যার মাধ্যমে জানা যায় তিনি ৩ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছিলেন।

নুরুল আমিনের মৃত্যু নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন তার সহকর্মী ও স্থানীয় সাংবাদিকরা। তারা এ ঘটনাকে “রহস্যজনক” দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ফেসবুক পোস্টে লেখেন, “নুরুল আমিন প্রতিবাদী ও মানবিক স্বভাবের ছিলেন। রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতেন এবং সামাজিক সচেতনতামূলক লেখালেখিতেও যুক্ত ছিলেন। কিছু সূত্র বলছে, ইয়াবা কারবারিদের বিরুদ্ধে রিপোর্ট করায় তিনি হুমকির মুখে ছিলেন।”

একাধিক সাংবাদিক জানিয়েছেন, মৃত্যুর আগে নুরুল আমিন একটি ভিডিও বার্তায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তার এই ভিডিও বার্তাকে তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা ও সহকর্মীরা দ্রুত সময়ের মধ্যে নুরুল আমিনের মৃত্যুর পেছনের কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন