বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপে ১৬ হাজার টন চাল বরাদ্দ

ডেস্ক রিপোর্ট।।

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের ৬৪টি জেলায় পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের আপ্যায়নের জন্য সরকার ১৬ হাজার ৪৯৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এবার মোট ৩২,৯৯০টি মণ্ডপ এই চাল পাবে, প্রতিটি মণ্ডপে বরাদ্দ থাকবে ৫০০ কেজি করে চাল।

এই বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বুধবার (৩ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে এই বরাদ্দপত্র পাঠানো হয়েছে।

বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে দেশের পূজামণ্ডপগুলোতে আগত ভক্তদের জন্য আহার্য বাবদ এই চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। মণ্ডপ প্রতি ৫০০ কেজি হারে বরাদ্দকৃত চাল বিতরণের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

জেলা প্রশাসকদের বলা হয়েছে,

“আপনার জেলার পূজামণ্ডপের সংখ্যা, আকার, আয়োজনের ব্যাপকতা এবং আর্থিক সামর্থ্য বিবেচনায় উপজেলাওয়ারীভাবে চাল উপ-বরাদ্দ দিন।”

পাশাপাশি নির্দেশনা দেওয়া হয়েছে,

যদি কোনো জেলায় মণ্ডপের সংখ্যা কম হয় এবং অতিরিক্ত চাল থেকে যায়, তাহলে তা মজুত রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে অবহিত করতে হবে এবং নিরীক্ষার জন্য উপযুক্ত হিসাব সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। পূজা উদযাপনে সরকারি সহযোগিতার অংশ হিসেবে প্রতিবছরই চাল ও নগদ সহায়তা দিয়ে থাকে সরকার।

ধর্মীয় সম্প্রদায়ের উৎসবগুলোতে সরকারিভাবে এই ধরনের সহায়তা একটি ইতিবাচক বার্তা দেয় বলেই মনে করছেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা। তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন