জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আমি কেবল টাকা বাঁচানোর জন্য নয়, বরং দেশীয় চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেই দেশে চিকিৎসা নিয়েছি। এটি বিদেশমুখী মানসিকতার বিরুদ্ধে একটি সরব প্রতিবাদ।’’
শুক্রবার রাজধানীর মিরপুরে জামায়াত আয়োজিত এক মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “যারা সামান্য অসুস্থ হলেই বিদেশে যান, আমি তাদের মতো নই। আমি দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখেছি। দেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করতে হলে ভেতর থেকে দেখতে হবে। চিকিৎসা নিয়েই বুঝেছি কোথায় ঘাটতি, এবং তা সংশ্লিষ্টদের জানিয়েছি।”
তিনি আরও বলেন, “দেশের স্বাস্থ্যসেবা যদি যথেষ্ট হতো, তাহলে কেউই মেডিকেল ক্যাম্পে আসতেন না। মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে, সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।”
নিজের চিকিৎসা সফলভাবে দেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের কেউ যদি নির্বাচিত হন, তারা কোনো ফ্ল্যাট বা ট্যাক্সমুক্ত গাড়ি দাবি করবে না। আমরা দায়িত্ব নেব জনসেবার জন্য, ব্যক্তিস্বার্থে নয়।”
তিনি দাবি করেন, জামায়াতের আগের দুই মন্ত্রীও নিজেদের কর্মদক্ষতা ও স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
প্রসঙ্গত, শফিকুর রহমান বলেন, “আল্লাহ সব দেখেন, তাই জনগণের সম্পদ আত্মসাৎ করা সম্ভব নয় যারা এই বিশ্বাসে চলেন। আমরা সেই নীতিতে বিশ্বাসী।”

