ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে যাত্রা শুরু করেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা করে এই নৌযানগুলো বর্তমানে তিউনিসিয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে, যেখানে অন্যান্য অংশগ্রহণকারী জাহাজগুলোর সঙ্গে তাদের একত্র হওয়ার কথা রয়েছে।
গত রোববার (১ সেপ্টেম্বর) বার্সেলোনা থেকে যাত্রা শুরু করলেও খারাপ আবহাওয়ার কারণে জাহাজগুলো প্রথমে ফিরে যেতে বাধ্য হয়। পরদিন সোমবার পুনরায় যাত্রা শুরু করে এবং মেনোরকায় থেমে কিছু জরুরি মেরামত সম্পন্ন করে। এরপর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তারা তিউনিসিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
এই ফ্লোটিলায় অংশ নিয়েছেন জলবায়ু আন্দোলনের বিশ্বখ্যাত মুখ গ্রেটা থুনবার্গ এবং বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ। এছাড়া ইতালির চারজন সংসদ সদস্যও যাত্রাপথে যুক্ত হবেন বলে জানানো হয়েছে।
‘সুমুদ ফ্লোটিলা’ একটি আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ, যার লক্ষ্য হলো গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো। গাজায় জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে, সেই প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, ফ্লোটিলার মূল বার্তা হলো: “মানবিক সহায়তা কোনো অপরাধ নয়” এবং অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে সচেতন করা।

