বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য দোয়া করলেন এনসিপি নেতা আখতার হোসেন

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন ছাত্রনেতা আব্দুল কাদের। তার জন্য দোয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্টে আখতার হোসেন এই বার্তা দেন।

আখতার হোসেন লেখেন,

“আব্দুল কাদের আর আমি একসঙ্গে জেল খেটেছি। ২০২২ সালে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলার পর ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে আমাদের গ্রেফতার করা হয়।”

তিনি আরও বলেন,

“জেলখানাতেও কাদের ছিল অবিচল। বয়সে ছোট হলেও সে আমাকে সাহস দিয়েছিল— একদিন এসব জুলুমের শেষ হবে, আমরাই হাসিনার পতন ঘটাব।”

আখতার হোসেন তার পোস্টে কাদেরের সাহসিকতার কথা তুলে ধরে বলেন,

“ক্যাম্পাসে নানা হুমকি থাকা সত্ত্বেও কাদের কখনো মাথা নত করেনি। অন্যরা যখন নিরাপদ দূরত্বে থাকত, তখন সে সামনে এসে নেতৃত্ব দিয়েছে।”

তিনি উল্লেখ করেন,

“গত বছর যখন আট দফা আন্দোলন ম্রিয়মাণ হচ্ছিল, তখন কাদের নয় দফা ঘোষণা করে আবার প্রাণ ফিরিয়েছিল। সেই ৯ দফাই আজকের এক দফার আন্দোলনের ভিত্তি। তার সাহসিকতা এই প্রজন্মের জন্য দৃষ্টান্ত।”

নিজের ছাত্রজীবনের স্মৃতি টেনে আখতার হোসেন লেখেন,

“ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে বড় কিছু করার সুযোগ ছিল না, তবে আমি ছোট ছোট উদ্যোগ নিয়েছিলাম। কাদের ক্যাম্পাসকে আজ নিজের করে নিয়েছে, যেভাবে আমিও নিয়েছিলাম।”

তিনি আরও জানান,

“২০১৯ সালের পর ডাকসু হলে আমি ভিপি পদে দাঁড়াতে চেয়েছিলাম। ২০২৫-এ ডাকসু হচ্ছে, কিন্তু আমি এখন ক্যাম্পাসের বাইরেই। এই সময় আব্দুল কাদের ভিপি হচ্ছে, তার জন্য দোয়া করি।”

আখতার হোসেন তার বার্তা শেষ করেন শুভকামনায়:

“আবদুল কাদেরের জন্য অনেক দোয়া। ফি আমানিল্লাহ।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন