বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ঢামেকে নুরকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি-১ নম্বর কেবিনে গিয়ে তিনি নুরের সঙ্গে দেখা করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে ৩০ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও নুরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তখন নুরকে দেখতে হাসপাতালে যান।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে গুরুতর আহত হন নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি পুরাতন ভবনের ভিভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই ধরনের সহানুভূতিমূলক পদক্ষেপ ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আহত নেতাকর্মীদের প্রতি এমন খোঁজখবর নেওয়া রাজনৈতিক পরিপক্বতার পরিচায়ক বলেও মন্তব্য করছেন তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন