চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে অংশ নিতে গিয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। প্রচণ্ড গরম ও ভিড়ের মধ্যে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন। একই সঙ্গে, ভিড়ে পদদলিত হয়ে আহত হয়েছেন আরও এক যুবক।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মুরাদপুর মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আলম আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“দুপুর ১২টা ১০ মিনিটের দিকে প্রচণ্ড গরমে এক ব্যক্তি জুলুস চলাকালে হঠাৎ মাটিতে পড়ে যান। তাকে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তার সঙ্গে থাকা একজন জানান, তিনি জুলুসে অংশ নিতে এসেছিলেন এবং অসুস্থতা দেখা দিলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে আনা হয়।
একই সময়ে জুলুসের ভিড়ে পদদলিত হয়ে মাহফুজ (৩৫) নামের এক যুবক আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এ ধরনের বড় ধর্মীয় আয়োজনে অতিরিক্ত ভিড় ও গরমের মধ্যে জনস্বাস্থ্য ও নিরাপত্তার দিক বিবেচনা করে আগাম প্রস্তুতির প্রয়োজনীয়তা আবারও সামনে চলে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

