বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাইবান্ধায় বাসর রাতে নববধূর হাতে স্বামীর ওপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে

ডেস্ক রিপোর্ট।।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসর রাতে নববধূর হাতে স্বামী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ২টার দিকে পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম নজরুল ইসলাম (২৫)। তিনি উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নববধূ বাসরঘরে স্বামীর ওপর ব্লেড জাতীয় ধারালো বস্তু দিয়ে হামলা চালান। এতে নজরুল ইসলাম মারাত্মকভাবে আহত হন।

তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক এবং এলাকায় বিরাট আলোচনার জন্ম দিয়েছে।”

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক তদন্ত চলছে। বিষয়টি স্পর্শকাতর, তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আহতের পরিবার জানিয়েছে, তারা বিষয়টি আইনগতভাবে সমাধানের জন্য থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন