রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি

ডেস্ক রিপোর্ট।।

চলচ্চিত্র অভিনেত্রী ও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অপু বিশ্বাস হঠাৎ বিএনপির একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। তার এই ‘দলবদল’ উপস্থিতিকে শুধু রাজনৈতিক মহলে নয়, বিনোদন অঙ্গনেও ব্যাখ্যা করা হচ্ছে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা ও তির্যক মন্তব্য। অনেকেই অপুকে ‘সুবিধাবাদী’ বলে উল্লেখ করছেন। তবে সবচেয়ে চাঞ্চল্য তৈরি করেছে চিত্রনায়িকা পরীমনির একটি ঘুরিয়ে দেওয়া স্ট্যাটাস, যা সরাসরি অপুকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে বলে ধরে নিচ্ছেন নেটিজেনরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে পরীমনি লেখেন:

“আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম।
এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।
পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন।
বাপরে বাপ! কি জিনিস এটা!”

স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করা হলেও পরীমনির অনুরাগীরা মন্তব্যে সরাসরি অপু বিশ্বাসের নাম উল্লেখ করে ব্যাপারটি পরিষ্কার করে দেন।

ঘটনার সূত্রপাত হয় ৪ সেপ্টেম্বর, কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে।
সেখানকার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন অপু বিশ্বাস এবং চিত্রনায়ক নিরব হোসেন।

বিষয়টি বিস্ময়ের সৃষ্টি করে, কারণ অপু বিশ্বাস এর আগেও একাধিকবার আওয়ামী লীগের হয়ে প্রচারে অংশ নিয়েছেন এবং তাকে ঘিরে মনোনয়ন প্রত্যাশার গুঞ্জনও চলছিল।

অপুর এই আচরণকে কেউ বলছেন “শিল্পীর স্বাধীনতা”, আবার কেউ বলছেন, এটি “রাজনৈতিক সুবিধা নেওয়ার কৌশল”।
শোবিজ সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, “কোনো স্পষ্ট আদর্শ ছাড়াই রাজনৈতিক প্ল্যাটফর্ম বদল করা একজন গণমাধ্যম ব্যক্তিত্বের জন্য দায়িত্বজ্ঞানহীন আচরণ।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপু বিশ্বাস বা তার ঘনিষ্ঠ মহল থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন