বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের গুজব ভিত্তিহীন: সেনা সদর দপ্তরের স্পষ্ট বার্তা

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর সম্পৃক্ততা নিয়ে ছড়ানো গুজবকে “সম্পূর্ণ ভিত্তিহীন” ও “উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার” বলে মন্তব্য করেছে সেনাবাহিনী।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরণের সম্পৃক্ততা নেই এবং এ নিয়ে হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।

বিবৃতিতে আরও বলা হয়, “এর আগেও আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করা হয়েছে। এরপরও কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মাত্র।”

সেনাবাহিনী মনে করে, এই ধরনের গুজব জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

সেনাবাহিনী তাদের বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করে বলেছে, “দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।”

প্রসঙ্গত, ডাকসু নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। সাম্প্রতিক সময়ের নানা আলোচনা-পর্যালোচনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ায় সেনাবাহিনীর সম্পৃক্ততার গুজব ছড়ালো কিছু মহল, যা সরাসরি প্রত্যাখ্যান করল দেশের শীর্ষ নিরাপত্তা বাহিনী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন