বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সাবেক সচিব শহীদ খান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ারে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি’র পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শহীদ খানের সঙ্গে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে বিক্ষোভ মিছিল ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে শাহবাগ থানায় যে মামলাটি হয়, তারই সূত্র ধরে এই অভিযান পরিচালিত হয়।

শহীদ খানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাম্প্রতিক সময়ের বিভিন্ন টেলিভিশন টক শোতে সাহসী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।
সরকার, নির্বাচন ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তার মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তার বক্তব্য নয়, বরং নাশকতা সংশ্লিষ্ট মামলার কারণেই তাকে আটক করা হয়েছে।

আবু আলম মোহাম্মদ শহীদ খান ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন।

ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আটকদের বিষয়ে তদন্ত চলছে। তারা কোনো রাজনৈতিক পরিকল্পনার অংশ কি না, নাকি আলাদা কোনো উদ্দেশ্যে এমন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন