বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নিয়ম ভাঙেননি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল, ভুল বলেছিলেন রিটার্নিং কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ভোট গ্রহণের সময় শারীরিক শিক্ষা কেন্দ্রে অবস্থিত একটি ভোটকেন্দ্রে প্রবেশ করেন ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্র অংশে প্রবেশ করেন।

তবে বিষয়টি ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। প্রথমে রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক গণমাধ্যমকে জানান, “প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ নেই।” তিনি তখন জহুরুল হকের কেন্দ্রে অবস্থান করছিলেন এবং বলেন, বিষয়টি সম্পর্কে পরে খোঁজ নেবেন।

পরে সরাসরি জগন্নাথ হল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের জানান, “আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ যেন না ঢুকতে পারে, সে ব্যাপারে সতর্ক আছি।”

তবে নির্বাচনী আচরণবিধির ১২(খ) ধারায় পরিষ্কারভাবে বলা আছে, “নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট ও রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।” অর্থাৎ, প্রার্থীদের যথাযথ অনুমতির ভিত্তিতে কেন্দ্রে প্রবেশের অধিকার রয়েছে।

এই সুযোগের কথা উল্লেখ করেই ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, “আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছি।”

এ বিষয়ে পরবর্তী সময়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, প্রথম আলো অনলাইনে সকাল ৯টা ৮ মিনিটে প্রকাশিত লাইভ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে প্রার্থী কেন্দ্রে ঢুকে নিয়ম ভেঙেছেন। তবে আচরণবিধি অনুযায়ী তা সঠিক নয়, এবং পরবর্তীতে সংবাদমাধ্যমটি তাদের অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন