সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

ডেস্ক রিপোর্ট।।

নতুন সরকারের মন্ত্রীদের জন্য প্রস্তাবিত ৬০টি বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবটি এসেছিল, তা যাচাই-বাছাই করে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অর্থ উপদেষ্টা আরও জানান, তবে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রায় ৩০০টি যানবাহন কেনার একটি আলাদা প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাপনার স্বার্থে মাঠ প্রশাসনে ব্যবহারের জন্য যানবাহনের প্রয়োজন রয়েছে। সে বিষয়টি বিবেচনায় রেখেই অনুমোদন দেওয়া হয়েছে।”

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৬০টি মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি গাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রতিটি গাড়ির দাম ছিল প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা, যার মোট ব্যয় হতো ১০১ কোটি ৬১ লাখ টাকা।

প্রস্তাবটি ২৪ আগস্ট অর্থ বিভাগের অনুমোদন পাওয়ার পর গত ৪ সেপ্টেম্বর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে দেশের অর্থনৈতিক চাপ, বাজেট ঘাটতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের প্রেক্ষাপটে এত বড় অংকের বিলাসবহুল গাড়ি কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

টিআইবি, বাজেট বিশ্লেষকসহ নাগরিক সমাজের বিভিন্ন অংশ থেকে প্রস্তাবটি বাতিলের দাবি ওঠে। অনেকে প্রশ্ন তুলেছিলেন—“কোনো নির্বাচন এখনো অনুষ্ঠিত হয়নি, অথচ নতুন সরকারের জন্য এত ব্যয়বহুল গাড়ি কেনার প্রয়োজনীয়তা কী?”

শেষ পর্যন্ত সমালোচনার মুখে সেই বিতর্কিত প্রস্তাব বাতিল করতে বাধ্য হয় প্রশাসন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন