ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে টিএসসি চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামসহ একাধিক প্যানেলের প্রার্থী ও সমর্থকেরা টিএসসি কেন্দ্রে এসে ভোট গণনা পর্যবেক্ষণের জন্য ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধার মুখে তারা সেখানে অবস্থান নেন।
প্রার্থীরা ‘ভোট চোর, শিবির ভোট চোর’, ‘প্রহসনের নির্বাচন মানি না’—ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, ভোট গণনার সময় এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না, এবং নির্বাচনে অনিয়ম ঘটানো হচ্ছে।
স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম বলেন, “শিবিরের প্রার্থীদের গণনায় ভেতরে যেতে দেওয়া হলেও আমাদের বাধা দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি প্রশাসন নির্দিষ্ট পক্ষকে জয়ী করতে চায়।”
প্রার্থীদের অবস্থানের প্রায় আধা ঘণ্টা পর প্রশাসন ভোটকেন্দ্রের ফটক খুলে দেয়। তবে এতে সন্তুষ্ট না হয়ে তারা ভেতরে না গিয়ে চলে যান।
ভোট কেন্দ্র থেকে বেরিয়ে ছাত্রদল-সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম বলেন, “কারচুপি আড়াল করতেই আমাদের ঢুকতে দেওয়া হয়নি। পরে নাটকীয়ভাবে ফটক খোলা হয়েছে। আমরা এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি।”
এ ঘটনার পরপরই টিএসসিতে স্থাপিত এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে ভোট গণনার স্বচ্ছতা নিয়ে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

