ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল ও শিবিরের মধ্যে ‘ক্ষমতার ভাগাভাগি’ হয়েছে বলে অভিযোগ করেছেন ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আব্দুল কাদের লিখেন, “আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হয়নি, বরং ছাত্রদল-শিবির ও জামায়াত-বিএনপির মধ্যে একটি সুপরিকল্পিত ক্ষমতা ভাগাভাগির চিত্র দেখা গেছে। এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও যুক্ত ছিলেন।”
তিনি দাবি করেন, নির্বাচনে প্রকৃত শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন ঘটেনি এবং প্রশাসন রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে ব্যর্থ হয়েছে। তিনি লেখেন, “ভিসি, প্রক্টর, ডিন এবং প্রভোস্টদের অনেকেই শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে পাওয়া চেয়ারে বসে এখন রাজনৈতিক পক্ষের অনুগত হয়ে কাজ করছেন।”
উল্লেখ্য, ডাকসু নির্বাচন ঘিরে দিনভর নানা অনিয়ম, কারচুপি এবং পক্ষপাতের অভিযোগ তুলেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সন্ধ্যার পর টিএসসিতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, যখন ভোট গণনা নিয়ে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয় এবং একপর্যায়ে প্রার্থীরা নির্বাচন প্রত্যাখ্যান করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আব্দুল কাদেরের মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

