বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, মানবতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
তিনি লেখেন,
“আমরা অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা, জিম্মিদের মুক্তি এবং মানবতার পক্ষে একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর জোর দিচ্ছি।”
তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, ইসরায়েলের এই সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সূত্র জানায়, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ হামলা করা হয়েছে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন,
“এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।”
তিনি আরও জানান, কাতার তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপকে কঠোরভাবে মোকাবিলা করবে এবং এ ঘটনায় সর্বোচ্চ পর্যায়ের তদন্ত চলছে।

