ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই নতুন নেতৃত্ব ছাত্ররাজনীতির নতুন দিগন্তের সূচনা করবে—এটাই প্রত্যাশা।”
বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার দ্বার উন্মুক্ত করেছে। “আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূলতা মোকাবিলা করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করেছে,” বলেন নুর।
নুরুল হক নুর বলেন, “এই নির্বাচন শুধু বিজয়ের নয়, অংশগ্রহণেরও জয়। যারা বিজয়ী হয়েছেন, তাদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাকারী প্রত্যেক শিক্ষার্থীই গণতন্ত্রের অনুশীলনে অংশ নিয়ে ক্যাম্পাসে রাজনৈতিক সংস্কৃতির পুনর্জাগরণে ভূমিকা রেখেছেন।”
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ডাকসু ও হল সংসদ নির্বাচন যেন প্রতি বছর নির্ধারিত সময় অনুযায়ী আয়োজিত হয়, তা নিশ্চিত করতে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। এটি যেন আর কখনও দীর্ঘ বন্ধ্যাত্বের শিকার না হয়।”
নুর বলেন, “নতুন নেতৃত্ব যেন জাতীয় রাজনীতির প্রভাবমুক্ত থেকে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে। ক্যাম্পাস হোক জ্ঞানচর্চা, মতবিনিময় ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এটাই ছিল ডাকসুর মূল উদ্দেশ্য।”
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। শীর্ষ তিনটি পদসহ বেশিরভাগেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

