ছোট ও বড় পর্দার পরিচিত মুখ, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এবার সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টকে ঘিরে নেটিজেনদের একাংশ মনে করছেন—তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে আড়ালে মন্তব্য করেছেন।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে জয় লেখেন:
“কচ্ছপ এবং খরগোশের গল্পটা সবাই জানে। খরগোশ জানতো তার সাথে কচ্ছপ পারবে না। তাই সে ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল।”
এই কথাটির সরাসরি কোনো প্রেক্ষাপট না দিলেও অনুরাগীরা ধারণা করছেন, জয় এখানে ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের বিজয়কে ইঙ্গিত করেছেন। যদিও পোস্টে তিনি কারো নাম বা রাজনৈতিক দলের কথা বলেননি।
পোস্টের নিচে একজন মন্তব্য করেন,
“আপনি কি এটা ডাকসু নির্বাচনকে বুঝাইলেন?”
জবাবে জয় রসিকতা করে লেখেন,
“না, আমি নেপালে সরকার পতনকে বুঝাইছি।”
এ ছাড়াও মন্তব্যে দেখা গেছে অনেকেই ‘ওভার কনফিডেন্স’ বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন। একজন লিখেছেন,
“ঠিক বলেছেন। অতিরিক্ত আত্মবিশ্বাস শেষমেশ ব্যাকফায়ার করে।”
শাহরিয়ার জয় দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করে থাকেন। তবে তার লেখার ধরন এমন—যা ব্যাখ্যার খোলা জানালা রাখে। রাজনৈতিক বা সামাজিক ইস্যু হোক, তিনি প্রায়ই ইঙ্গিতপূর্ণ বাক্যে বক্তব্য দেন, যা পাঠকের ব্যাখ্যার ওপর নির্ভর করে।
এ পোস্টের কয়েক ঘণ্টা আগে জয় আরও একটি পোস্টে লেখেন:
“ছোটবেলা থেকে অংক কম বুঝতাম। অংক আসলেই কঠিন।”
এই হালকা-রসিক বার্তার সঙ্গে ‘কচ্ছপ-খরগোশ’ গল্পের তুলনা করে অনেকেই মনে করছেন, জয় হয়তো ভোট গণনা ও ফলাফলের অঙ্ক মিলিয়ে কৌশলে পরাজিত পক্ষের হতাশা তুলে ধরেছেন।

