বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন প্রশ্নবিদ্ধ হবে: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোটগ্রহণ নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের অর্জনগুলো মূল্যহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত “সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন,

“আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

তিনি জানান, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সে অনুযায়ী কিছু কার্যক্রম চালানো হলেও জনগণের আস্থা ফিরিয়ে আনতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সংবিধান সংশোধনের ব্যাপারে তিনি বলেন,

“শুধুমাত্র একটি নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অধিকার রাখে। অন্য কোনো প্রক্রিয়ায় গৃহীত সংশোধনী ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হতে পারে।”

বিএনপি নেতা আরও বলেন,

“সরকারের কিছু অর্জন নিশ্চয়ই আছে, আবার ব্যর্থতাও রয়েছে। তবে, একটি সুষ্ঠু নির্বাচন যদি না হয়, তাহলে সরকারের অর্জন বলতে ভবিষ্যতে কিছুই থাকবে না।”

গোলটেবিল বৈঠকে অন্যান্য বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। জনগণের মাঝে ভোট নিয়ে যে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা বিরাজ করছে, তা দূর করতে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।

দেশে গণতন্ত্র চর্চা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অপরিহার্য—এমন বার্তাই উঠে আসে এই গোলটেবিল আলোচনার বিভিন্ন বক্তৃতা থেকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন