সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

হিজাব পরে ম্যাচ দেখতে গিয়ে হেনস্থার শিকার খাজার মা

ডেস্ক রিপোর্ট।।

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির সর্বশেষ সিরিজে বক্সিং ডে টেস্ট দেখতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজার মা ফোজিয়া তারিক। বিষয়টি প্রকাশ্যে আনেন খাজা নিজেই।

শুক্রবার প্রকাশিত অস্ট্রেলীয় সরকারের ‘এ ন্যাশনাল রেসপন্স টু ইসলামোফোবিয়া’ প্রতিবেদনে তিনি জানান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ম্যাচ চলাকালীন দুজন যুবক কেবল হিজাব পরার কারণে তার মাকে লক্ষ্য করে অশ্লীল গালিগালাজ করে।

খাজার ভাষায়, “ঘৃণা আজকের সমাজে গভীরভাবে ছড়িয়ে আছে। আমার মা সবসময় খেলা দেখতে আসেন, কিন্তু এবার এমন একটি ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন।”

স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা ঘটনাটি দেখেই অভিযুক্তদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে খাজার মা আর কোনো ব্যবস্থা নিতে রাজি হননি। তার মতে, একটি ভুল কাজের কারণে কারও ভবিষ্যৎ নষ্ট হওয়া উচিত নয়।

খাজা জানান, ঘটনাটি তাকে প্রচণ্ড ক্ষুব্ধ করলেও মায়ের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিষয়টি প্রকাশ করেননি। পরে সরকারি প্রতিবেদনে তা তুলে ধরেন।

গর্বিত মুসলিম হিসেবে দীর্ঘদিন ধরে মানবাধিকার ও ন্যায়ের পক্ষে সোচ্চার উসমান খাজা এর আগেও মাঠে ফিলিস্তিনি পতাকা আঁকা জুতা পরে আলোচনায় এসেছিলেন। এছাড়া সাংবাদিক পিটার লালরকে সমর্থন জানিয়ে তিনি জানিয়েছিলেন— “সত্যের পক্ষে দাঁড়ানো সবসময় জরুরি।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন