রাজধানীর রমনা ও গুলশান এলাকায় আকস্মিক মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমে জড়িত ১২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. মাইন উদ্দীন (৩৬), বিল্লাল হোসেন (৩৮), মো. রাব্বি (২১), মো. সোহেল হাসান রাফি (২১), আরিফ (২৩), নাদিম (১৯), মো. শুক্কুর হাওলাদার (২৫), শিহাব মুন্সি (২৫), মো. জুয়েল (৩০), সাদ্দাম মোল্লা (২৭), মো. রানা (১৯) ও মো. নাজমুল (১৯)।
পুলিশের দাবি, তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

