বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ইস্রাফিল হাওলাদার জামায়াতে যোগদান

ডেস্ক রিপোর্ট।।

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইস্রাফিল হাওলাদার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এক প্রতিনিধি সভায় তিনি জামায়াতে যোগদানের ঘোষণা দেন। তার সঙ্গে আরও প্রায় ৪০-৫০ জন অনুসারী একইসঙ্গে দল পরিবর্তন করেন।

ইস্রাফিল হাওলাদার একসময় স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। কিন্তু চলতি বছরের ৯ মে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে জেলা স্বেচ্ছাসেবক দল। বহিষ্কারের কারণ হিসেবে চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা এবং জামায়াতপন্থী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বলেন, “একজন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিকে জামায়াতে আশ্রয় দেওয়ার বিষয়টি জামায়াতের রাজনৈতিক মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে।”

অন্যদিকে, ইস্রাফিল হাওলাদার তার সিদ্ধান্তের পক্ষে ধর্মীয় মূল্যবোধকে কারণ হিসেবে উল্লেখ করে বলেন,
“আমি ইসলামী আদর্শ অনুসরণ করতে চাই, এ কারণেই জামায়াতে যোগ দিয়েছি। বিএনপি সেই আদর্শ বহন করে না বলেই আমি দলত্যাগ করেছি।”

জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, “ইস্রাফিল হাওলাদার দলীয় কোনো পদে নেই। তিনি জামায়াতের প্রতি ভালোবাসা থেকে সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সেটি আমরা খতিয়ে দেখব এবং প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর নাজিরপুরের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। অনেকে এটিকে রাজনৈতিক সুযোগসন্ধান হিসেবে দেখলেও কেউ কেউ মনে করছেন, এ ধরনের যোগদান স্থানীয় রাজনীতিতে জামায়াতের সাংগঠনিক পুনর্জাগরণের ইঙ্গিত হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন