লন্ডনের সোয়াস ইউনিভার্সিটিতে আয়োজিত একটি সেমিনার শেষে বের হওয়ার সময় বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন যুক্তরাজ্য আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী। বিক্ষোভকারীরা উপদেষ্টার গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন, যদিও তিনি তখন সেই গাড়িতে উপস্থিত ছিলেন না।
শুক্রবার রাতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
হাইকমিশন জানায়, শুক্রবার বিকেল ৪টায় মাহফুজ আলম লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (SOAS) একটি সেমিনারে অংশ নেন।
‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর’ উপলক্ষে এ আয়োজন যৌথভাবে করে হাইকমিশন ও সোয়াস কর্তৃপক্ষ।
সেমিনার চলাকালে বাইরে অবস্থান নেয় আওয়ামী লীগের ১৮ জন কর্মী। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং অনুষ্ঠান শেষে উপদেষ্টার যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন।
পুলিশি নিরাপত্তার কারণে মাহফুজ আলম নিরাপদে বহির্গমন করেন। হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করতে চেষ্টা করেন এবং ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার কিছুক্ষণ পরই মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন।
সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষার্থী এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম বলেন,
“আজ আমি আওয়ামী লীগের আক্রমণের একেবারে কাছাকাছি ছিলাম। তবে আল্লাহর রহমতে নিরাপদেই আছি।”
বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে বলা হয়,
“লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিকভাবে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এবং তথ্য উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”
ঘটনাটি ঘিরে লন্ডনের বাংলাদেশি প্রবাসী সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও প্রবাসে এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

