এশিয়া কাপের ‘গ্রুপ অব ডেথ’ পরিণত হয়েছে উত্তেজনার আগুনে! আজ শনিবার সেই গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে কোন দল জায়গা করে নেবে সুপার ফোরে, আর কে ফিরবে হতাশায়।
এবারের আসরে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। আবুধাবির গরম কন্ডিশনে হংকংয়ের বিপক্ষে ম্যাচে দারুণ পারফরম্যান্সে জয় পেয়েছে লিটন দাসের দল।
পেস আক্রমণের আগ্রাসন, রিশাদ হোসেনের ঘূর্ণিজাদু এবং শীর্ষ ব্যাটারদের ধৈর্যশীল ইনিংস—সব মিলিয়ে পূর্ণাঙ্গ একটি দলীয় পারফরম্যান্সের প্রদর্শনী ছিল ওই ম্যাচে।
বিশেষজ্ঞদের মতে, হংকংয়ের বিপক্ষে জয়ে কেবল আত্মবিশ্বাসই বাড়েনি, বরং ভেন্যুর সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও কাজে লাগিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে শ্রীলঙ্কা এখনও নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে পায়নি।
স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ফেরাটা কিছুটা স্বস্তির হলেও, ব্যাটিং লাইনআপ রয়ে গেছে প্রশ্নবিদ্ধ। মাত্র দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৮০ রানে অলআউট হওয়া সেই ব্যর্থতা এখনো রয়ে গেছে দলের ভেতর।
সাম্প্রতিক পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও, পরিসংখ্যানে দুই দলই সমানে সমান। গত এক দশকে ১৬ ম্যাচে দু’দল জিতেছে সমান ৮টি করে। তবে সাম্প্রতিক সময়ে স্পষ্টভাবেই এগিয়ে টাইগাররা।
জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতেই সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। এমনকি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় মঞ্চেও হারিয়েছে লঙ্কানদের।
বাংলাদেশের স্পিন অস্ত্র হিসেবে উঠে এসেছেন রিশাদ হোসেন।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে ৫.৪৭ ইকোনমি রেটে বল করে নজর কেড়েছেন এই তরুণ লেগস্পিনার।
পেস আক্রমণেও আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের মতো ধারাবাহিক উইকেট শিকারিরা, যারা শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম।

