বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার — অভিযোগ নাহিদ ইসলামের

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে পরিকল্পিতভাবে টার্গেট করে হামলার মুখে ফেলে দেওয়া হচ্ছে, এবং সরকার ও উপদেষ্টা পরিষদ এ বিষয়ে নীরব থেকে মৌন সম্মতি জানাচ্ছে।

শনিবার বিকেল ৩টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন,

“গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায়ও তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল। এসব হামলার পেছনে আওয়ামী ফ্যাসিস্টদের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও দাবি করেন, মাহফুজ আলম এখনো অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল রাজনীতির কথা বললেও, বাংলাদেশ সেই পথে হাঁটছে না। বরং, ফ্যাসিবাদবিরোধিতার নামে প্রতিশোধ ও প্রতিক্রিয়ার রাজনীতি শুরু করেছে বিভিন্ন গোষ্ঠী, যা দীর্ঘমেয়াদে আবারও ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে পারে।

নাহিদ ইসলামের ভাষ্য,

“সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কোনো হামলার ঘটনার পর সরকার বা উপদেষ্টারা কখনো কোনো শক্ত বার্তা দেয়নি, এমনকি মন্তব্য করতেও পিছপা হয়েছে।”

তিনি বলেন, “আমরা জানি কী অপেক্ষা করছে আমাদের জন্য। গোপালগঞ্জে যেভাবে ফ্যাসিস্ট নিপীড়ন চলছে, তাতে কারো রেহাই নেই। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিলেন—যদি ততদিন তিনি বেঁচে থাকতে পারেন।”

পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন,

“আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

এ বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে, এনসিপি ভবিষ্যতে এসব ঘটনার বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবস্থান নেবে।

প্রসঙ্গত, গতকাল লন্ডনের সোয়াস ইউনিভার্সিটিতে এক সেমিনার শেষে বের হওয়ার সময় মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ দেখান আওয়ামী লীগের কয়েকজন কর্মী।
হাইকমিশনের গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। তবে পুলিশের হস্তক্ষেপে বড় কোনো ঘটনা ঘটেনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন