কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ জাকির হোসাইন (৩০) নামের এক হাজতি। অসুস্থ অবস্থায় শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে জাকির হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কারারক্ষীরা তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালে বন্দিকে নিয়ে আসা কারারক্ষী আরমান জানান, “কারাগারে হঠাৎ করে জাকির অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার পর দ্রুত তাকে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”
নিহত জাকির হোসাইন হাজতি হিসেবে কারাগারে ছিলেন। তার হাজতি নম্বর ৩২৩৩৫/২৪। বাবার নাম সৈয়দ আলী বলে জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

