বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নেপালে জেন জি আন্দোলনের পর ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা, সোমবার থেকে খুলছে স্কুল

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ এক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের পর নেপালের স্কুলগুলোতে আবারও সরাসরি ক্লাস চালুর ঘোষণা দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ (KMC)। আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে দেশের সব স্কুলে পাঠদান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

কাঠমান্ডু মহানগরীর শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গ্যাওয়ালি গণমাধ্যমকে জানান,

“রোববার থেকেই শিক্ষক ও প্রশাসনকে ক্লাস শুরুর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা নিশ্চিত ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।”

গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তরুণদের (জেনারেশন জেড) নেতৃত্বে দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আন্দোলন। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলির ব্যবহার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এ পর্যন্ত কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয় একাধিক শহরে।

পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও শিক্ষার্থীদের মানসিক দুশ্চিন্তা কাটিয়ে উঠতে সাহায্য করতে স্কুলগুলোতে মনোসামাজিক পরামর্শ সেবা চালু করার নির্দেশ দিয়েছে KMC। একইসঙ্গে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এবং প্রয়োজনে অভিভাবকের উপস্থিতিতে শিক্ষার্থীকে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

যেসব শিক্ষার্থী সরাসরি স্কুলে যেতে পারবে না, তাদের জন্য অনলাইন ক্লাস চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চাপের মুখে গত সপ্তাহে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের পর গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সাবেক বিচারপতি সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এবং প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
আন্দোলনকারীরা কার্কির নেতৃত্বে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের দাবি জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন