বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

দ্রুত দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন লুৎফুজ্জামান বাবর

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ সাড়ে ১৭ বছর পর রাজনৈতিক আলোচনায় সরব হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরছেন।

“ইনশাআল্লাহ্, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন,” — বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবর।

বাবর আরও জানান, তাদের একটি প্রতিনিধি দল সরকারের কাছে কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগ ও সুপারিশ জানাতে এসেছে। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অস্ত্র উদ্ধার এবং দেশের চলমান নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। তারা অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

প্রতিনিধি দলের দাবি, পার্শ্ববর্তী একটি দেশের ‘পতিত সরকার’ বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে এক শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে। লুৎফুজ্জামান বাবরের ভাষায়,

“এস আলম গ্রুপের সঙ্গে তাদের বৈঠক আমাদের উদ্বেগ তৈরি করেছে। সেখানে নির্বাচনী সহিংসতা ছড়ানোর নীলনকশা ছিল বলেই আমরা মনে করি।”

আলোচনায় এএসআই নিয়োগ প্রক্রিয়াতেও অসন্তোষ প্রকাশ করা হয়। বাবর বলেন,

“যারা কনস্টেবল হিসেবে যোগ দিয়েছেন, তাদের পদোন্নতির স্বপ্ন থাকে। নতুনভাবে এএসআই নিয়োগ হলে তা অসন্তোষের জন্ম দিতে পারে।”

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো কাজ করার চেষ্টা করছে। যদিও কিছু ক্ষেত্রে উদ্বেগ রয়ে গেছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন,

“বাবর সাহেবের সঙ্গে আমার আগের পরিচয় আছে। এটি মূলত সৌজন্য সাক্ষাৎ। পারিবারিক আলোচনাই বেশি হয়েছে।”

তবে রাষ্ট্রীয় কিছু বিষয় আলোচনায় এসেছিল বলেও স্বীকার করেন উপদেষ্টা।

দুই ঘণ্টার এ বৈঠকে উপস্থিত ছিলেন– স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক এডিশনাল আইজি মাহবুবুর রহমান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন