সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

চিরবিদায় ‘দ্য হিটম্যান’: ব্রিটিশ বক্সিং কিংবদন্তি রিকি হ্যাটনের আকস্মিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

বক্সিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় ও সম্মানিত নাম, ব্রিটিশ কিংবদন্তি রিকি হ্যাটন আর নেই। রোববার সকালে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের হাইড এলাকার নিজ বাড়িতে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর।

পুলিশ নিশ্চিত করেছে, হ্যাটনের মৃত্যুর পেছনে আপাতত কোনো সন্দেহজনক আলামত নেই। তবে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) পর নিশ্চিত হওয়া যাবে প্রকৃত কারণ।

‘দ্য হিটম্যান’ নামে পরিচিত হ্যাটন চলতি বছরের ডিসেম্বরে আরব আমিরাতের দুবাইয়ে ঈসা আল দাহ-এর বিপক্ষে রিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘ বিরতির পর এই কামব্যাক ঘিরে তার ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। কিন্তু সব পরিকল্পনা থেমে গেল এক ট্র্যাজেডিতে।

রিকি হ্যাটনের ক্যারিয়ার ছিল বর্ণাঢ্য ও উত্তেজনাপূর্ণ। তিনি জিতেছেন—

  1. IBF, WBA ও WBO লাইট-ওয়েল্টারওয়েট শিরোপা

  2. IBO ওয়েল্টারওয়েট বেল্ট

তার ক্যারিয়ারে মোট ৪৮টি লড়াইয়ের মধ্যে ৪৫টিতেই জিতেছেন, যা তাকে বক্সিং ইতিহাসের অন্যতম সফল ফাইটারদের কাতারে নিয়ে গেছে।

২০০৫ সালে কিংবদন্তি কোস্টা জু-কে পরাজিত করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন হ্যাটন। আক্রমণাত্মক স্টাইল ও নিখুঁত পাঞ্চিংয়ের জন্য ভক্তদের কাছে ছিলেন একজন রিংের ‘ওয়ার মেশিন’।

তবে রিংয়ের বাইরের জীবনটা সহজ ছিল না রিকি হ্যাটনের জন্য। তিনি বহুবার প্রকাশ্যে বলেছেন—

  1. ভুগেছেন বিষণ্ণতায়

  2. ছিলেন কোকেন আসক্ত

  3. আত্মহত্যার চেষ্টা করেছেন একাধিকবার

২০১২ সালে ভিয়াচেস্লাভ সেনচেঙ্কোর কাছে পরাজয়ের পর জীবনে এক কঠিন সময় পার করেছিলেন। একাধিকবার মাদকাসক্তি থেকে ফিরে এসে তিনি জীবনের প্রতি নতুন করে আশা ফিরে পেয়েছিলেন।

হ্যাটনের মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েছেন সহকর্মী, ভক্ত এবং ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিরা। সামাজিক মাধ্যমে অনেকে তাকে “একজন যোদ্ধা, অনুপ্রেরণা ও কিংবদন্তি” হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন।

ব্রিটিশ বক্সিং বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, “রিকি হ্যাটনের মৃত্যু শুধু ব্রিটেন নয়, বিশ্ব বক্সিংয়ের জন্য অপূরণীয় ক্ষতি।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন