কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুন কারখানায় অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে আট শ্রমিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে চুন কারখানার মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাখরাবাদ গ্যাসের গৌরীপুর অফিসের একটি প্রতিনিধি দল চুন কারখানায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, ‘বিজিডিসিএল-৪’ এর বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানাটি পরিচালিত হচ্ছিল।
অভিযানে ১৩টি ফোকাস বার্নার জব্দ করা হয়, যা দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকার সরকারি গ্যাস অপচয় হচ্ছিল বলে জানায় বাখরাবাদ কর্তৃপক্ষ।
আটক শ্রমিকরা হলেন—আবুল কালাম (৩৫), দুলাল মিয়া (৩২), আবু কালাম (৩৯), মো. সুহাগ মিয়া (৩০), মো. সুজন মিয়া (৪১), মো. চান মিয়া (৩৮), আবদুল লতিফ (৪০) এবং মাইদুল ইসলাম (৩৫)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাখরাবাদ গ্যাসের সহকারী প্রকৌশলী এস এম উজ্জল হোসেন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় চুন কারখানার মালিক কামাল উদ্দিন, সালাউদ্দিন, বোরহান উদ্দিন, নাসির উদ্দিনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী জানান, অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি অত্যন্ত গুরুতর। আমরা এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

