যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সচিবালয়ে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি (USTR) ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় এবং তা আরও গভীর করার সুযোগ রয়েছে। বিশেষ করে বাণিজ্য ভারস্য রক্ষায় আমরা বাস্তবধর্মী পদক্ষেপ নিতে আগ্রহী।”
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি গুরুত্ব পায়। যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ আগ্রহ দেখায়। এছাড়াও এলপিজি আমদানি, বেসামরিক বিমান ক্রয় এবং মাদকবিরোধী সহযোগিতার মতো বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকট ও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। ড. ইউনূস বলেন, “মানবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবদান প্রশংসনীয়। এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও পণ্য আমদানির মাধ্যমে পারস্পরিক বাণিজ্য ভারস্য উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে। ড. ইউনূস আশা প্রকাশ করেন, এই ধারা ভবিষ্যতে আরও শুল্ক ছাড় এবং সহজতর বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআর-এর দক্ষিণ এশিয়া পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

