জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
শামীমা মায়া বলেন, “দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্তসমূহ আমার ব্যক্তিগত নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তাই বিবেকের তাড়নায় আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, দায়িত্ব পালনের সময় তিনি সততা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে “ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার” তাকে মর্মাহত করেছে।
“রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটি বিশ্বাসের জায়গা। আমি চাই না কেউ আমার সততা নিয়ে প্রশ্ন তুলুক,”— বলেন মায়া। তিনি তার পদত্যাগে কারো প্রতি ব্যক্তিগত অভিযোগ নেই বলেও উল্লেখ করেন।
তবে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন ভিন্ন কথা। তার দাবি, “মায়াসহ কয়েকজন নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই করে কিছু তথ্যের সত্যতাও মিলেছে। কেন্দ্রকে বিষয়টি জানানো হয়েছে। সম্ভবত পরিস্থিতি বুঝেই তিনি আগেভাগে সরে গেছেন।”
এ বিষয়ে জানতে চাইলে মায়া জানান, গত ৪ আগস্ট তিনি কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ দিলেও এখনো কোনো প্রতিকার পাননি।
পদত্যাগ করলেও রাজনীতি ছাড়ছেন না বলেও ইঙ্গিত দেন মায়া। “আমি এখন থেকে সমাজ ও দেশের কল্যাণে নিজস্বভাবে কাজ চালিয়ে যাব। জনসেবা আমার দায়িত্ব, সেটা দলীয় পরিচয়ের বাইরে গিয়েও করা সম্ভব,”— বলেন তিনি।
এনসিপির ভবিষ্যৎ পথচলা নিয়ে আশাবাদী মনোভাব রেখে মায়া বলেন, “আমি চাই দলটি প্রকৃত অর্থে স্বচ্ছ ও গণমুখী রাজনীতির পথে অটল থাকুক।”

