বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও অবাধ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্নের ওপর গুরুত্বারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের পর একটি নির্বাচিত সরকারের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে প্রস্তুত রয়েছে ইইউ।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় মিলার এ কথা বলেন। ‘অ্যাসোসিয়েশন অব ফরেইন অ্যাফেয়ার্স’ (AOFA) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মিলার বলেন, “তরুণদের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং উন্নয়ন সহযোগীদের একসঙ্গে কাজ করতে হবে। গণতান্ত্রিক পরিবেশ ও অবাধ নির্বাচনের জন্য ইইউ আন্তরিকভাবে সহযোগিতা করতে আগ্রহী।”
তিনি আরও জানান, ইউরোপীয় দেশগুলোর বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলেও রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চয়তা পাওয়াটা গুরুত্বপূর্ণ।
মানবাধিকার, উন্নয়ন, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও গভীর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মিলার।

