এশিয়া কাপ টি-টোয়েন্টিতে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
পরিস্থিতি এখন একদমই পরিষ্কার—জিতলেই সম্ভাবনা থাকবে, হারলে বিদায় নিশ্চিত। সোজা ভাষায় বলা যায়, আফগানদের বিপক্ষে এটি টাইগারদের জন্য একটি ‘ডু অর ডাই’ ম্যাচ।
২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সময় বদলেছে। আফগানিস্তান এখন টি-টোয়েন্টিতে অন্যতম প্রতিদ্বন্দ্বী দল, যারা গত বছর বিশ্বকাপ সেমিফাইনালেও খেলেছে। বিপরীতে বাংলাদেশ এখনও খুঁজছে নিজেদের স্থায়ী ছন্দ।
দুই দলের ১২টি মুখোমুখি টি-টোয়েন্টি লড়াইয়ে আফগানিস্তান জিতেছে ৭ বার, বাংলাদেশ ৫ বার। সাম্প্রতিক ফলাফল ও ফর্ম বিবেচনায় আফগানরাই ফেভারিট।
লঙ্কানদের কাছে হেরে আগে থেকেই চাপে আছে বাংলাদেশ। এখন শুধু আফগানদের হারালেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের দিকেও—সেখানে লঙ্কানদের জয় কাম্য।
অন্যদিকে, হংকংয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে রানরেটের দিক থেকেও সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান।
দলের অন্যতম ভরসা লিটন দাস ও অভিজ্ঞরা জানেন, আজকের ম্যাচটি শুধু একটি জয় নয়—পুরো টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। সমীকরণ যাই হোক না কেন, আজ জিততেই হবে।
টাইগাররা কি পারবে ঘুরে দাঁড়াতে? নাকি আফগান স্পিন ঘূর্ণিতে হারিয়ে যাবে টুর্নামেন্ট থেকে? প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।

