বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রথম বি‌সিএসেই দুই বোনের বা‌জিমাত

ডেস্ক রিপোর্ট।।

একসঙ্গে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রথমবারেই সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজবাড়ীর দুই বোন—ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ আরশি। তারা ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

দুই বোনের এ সাফল্য রাজবাড়ী জেলায় আনন্দ ও গর্বের আবহ তৈরি করেছে।

শশী ও আরশি রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা এবং বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মালেকা আক্তার শিখা দম্পতির কন্যা। তাদের বাড়ি রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকায়।

আক্কাস আলী মোল্লা বলেন,

“ছোটবেলা থেকেই ওরা খুব মেধাবী ছিল। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো—প্রথমবার বিসিএস দিয়েই ওরা সফল হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না।”

২০১৫ সালে শশী ও আরশি রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন—উভয় পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তারা।

এরপর শশী ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে, আর আরশি পড়াশোনা করেন সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ২০২২ সালে এমবিবিএস শেষ করার পর তারা ইন্টার্নশিপ সম্পন্ন করেন এবং এরপর ৪৮তম বিসিএসের জন্য প্রস্তুতি শুরু করেন।

দুই বোনের সফলতা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। তাদের মামা এবং রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল একটি ফেসবুক পোস্টে লেখেন,

“আলহামদুলিল্লাহ! আমার বড় বোনের দুই মেয়ে শশী ও আরশি সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। দোয়া করবেন, তারা যেন দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারে।”

তাদের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, পারস্পরিক সহযোগিতা এবং পরিবারের শিক্ষাবান্ধব পরিবেশ। একই পরিবারের দুই সন্তান একই বিসিএসে, একই ক্যাডারে উত্তীর্ণ হওয়া দেশের বিসিএস ইতিহাসেও একটি উল্লেখযোগ্য ঘটনা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন