চীনের জনপ্রিয় হটপট রেস্তোরাঁ চেইন হাইদিলাও-এর স্যুপ পাত্রে প্রস্রাব করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর জেরে দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান (প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে সাংহাইয়ের একটি আদালত।
ঘটনাটি ঘটে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, সাংহাইয়ে অবস্থিত হাইদিলাও-এর একটি শাখায়। ১৭ বছর বয়সী দুই কিশোর, মদ্যপ অবস্থায়, হটপট স্যুপের পাত্রে প্রস্রাব করে এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে। ভিডিওটি ছড়িয়ে পড়লে গ্রাহক এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
যদিও তদন্তে দেখা যায়, প্রস্রাব মেশানো স্যুপ কেউ খায়নি, তবে ক্ষতির মুখে পড়ে হাইদিলাও।
ঘটনার পর প্রতিষ্ঠানটি ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ওই শাখায় আগত প্রায় ৪ হাজার গ্রাহককে পুরো বিল ফেরত দেয় এবং ১০ গুণ অতিরিক্ত নগদ ক্ষতিপূরণ প্রদান করে। এছাড়া রেস্টুরেন্টটির পুরো হটপট সরঞ্জাম পরিবর্তন ও ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
সাংহাই আদালত রায়ে জানায়, দুই কিশোরের কাজ শুধু স্বাস্থ্যবিধির লঙ্ঘন নয়, বরং প্রতিষ্ঠানের সুনাম ও জনসাধারণের আস্থার ওপরও আঘাত করেছে। এ ঘটনায় তাদের অপমানজনক কার্যক্রমের মাধ্যমে ক্ষতির প্রমাণ পাওয়া গেছে।
আদালত আরও উল্লেখ করেন, কিশোরদের অভিভাবকরাও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাই ক্ষতিপূরণের সম্পূর্ণ দায় অভিভাবকদের ওপর বর্তাবে।
রায়ে বলা হয়, প্রতিষ্ঠানটি যেসব গ্রাহককে অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে বা বাড়তি ক্ষতিপূরণ দিয়েছে, তা ছিল তাদের নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত। সে অংশ কিশোরদের ক্ষতিপূরণ হিসেবে ধরা যাবে না।
প্রসঙ্গত, হাইদিলাও চেইনটি সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াং থেকে যাত্রা শুরু করে এবং বর্তমানে এর এক হাজারের বেশি শাখা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এই ঘটনার পর প্রতিষ্ঠানটি তাদের নৈতিক ও স্বাস্থ্যবিধিগত মান বজায় রাখতে আরও কড়া ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

