রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাত কলেজের শিক্ষকদের ইউজিসি ঘেরাওয়ের ঘোষণা, পাঁচ দফা দাবি পেশ

ডেস্ক রিপোর্ট।।

ঢাকার সরকারি সাত কলেজকে ‘কলেজিয়েট বা অধিভুক্ত কাঠামো’তে রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন কলেজগুলোতে কর্মরত বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।
ঘোষণা অনুযায়ী, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এই ঘেরাও কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ‘ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি’ ব্যানারে আয়োজিত এক জরুরি বৈঠকে শিক্ষকরা এই কর্মসূচির সিদ্ধান্ত নেন।
তাদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের মাধ্যমে সাত কলেজকে মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন করে সক্ষমতা সংকুচিত করা হচ্ছে। ফলে উচ্চশিক্ষার মান, অবকাঠামো এবং শিক্ষার্থীদের সুযোগ ক্ষতিগ্রস্ত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। ইডেন কলেজের শিক্ষকরা এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছে:

শিক্ষকের সংখ্যা বৃদ্ধি ও কাঠামোগত সংকট নিরসন।

গবেষণা বাজেট, ল্যাব, লাইব্রেরি, আবাসন ও বৃত্তি সুবিধা সম্প্রসারণ।

সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করা।

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করে স্থিতিশীল শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা।

কারমাইকেল কলেজ ও বি.এম. কলেজের আদলে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়টি বিবেচনা করা।

শিক্ষকদের দাবি, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ দীর্ঘদিন ধরেই নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো বাস্তবায়িত হলে নারীদের উচ্চশিক্ষায় প্রবেশাধিকার সংকীর্ণ হবে, যা সংবিধানপ্রদত্ত সমান সুযোগের পরিপন্থী।

তারা আরও জানান, সাত কলেজে আসন কমানো হলে সহস্রাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বাদ পড়বে। অন্যদিকে নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোতে পদসংখ্যা কমে গেলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত ও আগ্রহী ব্যক্তিদের জন্য চাকরির সুযোগ সংকুচিত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন