বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

জামায়াতের পিআর আন্দোলনের জবাবে নির্বাচনী মাঠে নামছে বিএনপি

ডেস্ক রিপোর্ট।।

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (PR) ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একাধিক রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের বিপরীতে পাল্টা কর্মসূচি নিচ্ছে বিএনপি। নিজেদের দাবি থেকে না সরে বরং দেশজুড়ে নির্বাচনী আবহ তৈরি করতে সক্রিয় হচ্ছে দলটি।

গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— দলীয় ৩১ দফা, ইতিবাচক রাজনীতির বার্তা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বিএনপি বাড়ি বাড়ি প্রচারে নামবে। প্রার্থী বাছাইয়ের কাজ দ্রুত শেষ করে জনসম্পৃক্তিমূলক কার্যক্রম চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় নেতারা মনে করছেন, জামায়াত-ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের মূল উদ্দেশ্য মাঠের কর্তৃত্ব ধরে রাখা ও নির্বাচনের আগে অবস্থান শক্ত করা। বিএনপি চাইছে ভিন্ন পথে— নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের বার্তা জনগণের ঘরে পৌঁছে দিতে।

জাতীয় ঐকমত্য কমিশন সব দলকে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানালেও বিএনপি এখন ‘মাঠে রণনীতি’ গ্রহণ করছে। নেতাদের মতে, রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী নির্বাচনের দিকেই অগ্রসর হওয়া এখন সবচেয়ে বাস্তবসম্মত কৌশল।

স্থায়ী কমিটির এক সদস্য জানান, “আমরা চাই জনগণের মধ্যে ইতিবাচক বার্তা যাক— বিএনপি শাসন নয়, পরিবর্তনের রূপরেখা নিয়ে এসেছে।”

যদিও জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয়ে বিএনপির একসময়ে যোগাযোগ ছিল, এখন তারা আলাদা কৌশলে হাঁটছে। বিএনপি সূত্রে জানা যায়, জামায়াতের সঙ্গে না থাকা সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ঘনিষ্ঠ কোনো দল যেন জামায়াতের প্ল্যাটফর্মে না চলে যায়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি।

নির্বাচনে প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এতে করে দলীয় পদ-পদবি ব্যবহার করে কেউ বিদ্রোহী প্রার্থী হতে না পারেন, সে বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে অভিযোগের ভিত্তিতে শাস্তি পাওয়া নেতাদের বিরুদ্ধে তদন্ত করে নির্দোষদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দলীয় সমর্থিত ছাত্র সংগঠনের ভরাডুবি ও ব্যর্থতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। নেতারা এসব নির্বাচনের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মত দিয়েছেন। কোথায় ভুল ছিল, কেন ব্যর্থতা এলো— এ নিয়ে তদন্তের কথা উঠেছে।

জুলাই জাতীয় সনদের কিছু সুপারিশ বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে বলেও মত দিয়েছেন বিএনপির নেতারা। তবে সংবিধান সংশোধনসংক্রান্ত বিষয়ের জন্য প্রয়োজন হবে ভবিষ্যৎ সরকারের উদ্যোগ। বিএনপি সুপ্রিম কোর্টের কাছে কিছু প্রস্তাবের আইনি ব্যাখ্যা চাওয়ার বিষয়েও চিন্তা করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন