রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ডেলিগেশন

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের উদ্যমী ও প্রতিভাবান তরুণ উদ্ভাবকরা এবার আন্তর্জাতিক মঞ্চে দেশের গৌরব বৃদ্ধির প্রস্তুতিতে ব্যস্ত। আগামী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৫-এ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ডেলিগেশন অংশ নিতে যাচ্ছে।

এই তথ্য জানানো হয় বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন ড্রিমস অব বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মাহাদীর ইসলাম। তিনি বলেন,

“আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে আন্তর্জাতিক মঞ্চে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ করে দিচ্ছি। এটি শুধু তাদের জন্য নয়, দেশের জন্যও এক বড় অর্জন।”

তিনি জানান, ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশি দল স্বর্ণপদকসহ একাধিক পুরস্কার অর্জন করেছে।

“NASA, Microsoft এবং Robosub-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করার সুযোগ পেয়েছে আমাদের শিক্ষার্থীরা,” — বলেন মাহাদীর।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মূল লক্ষ্য হচ্ছে দেশের উদ্ভাবনী শক্তিকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা এবং তরুণদের উদ্ভাবনের মাধ্যমে পঞ্চম শিল্পবিপ্লবের নেতৃত্বে প্রস্তুত করা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা রোবোটিকস, অটোমেশন, পরিবেশবান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও শিক্ষাবিষয়ক উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করবে।

২০২১ সালে প্রতিষ্ঠিত ড্রিমস অব বাংলাদেশ বর্তমানে দেশের অন্যতম শীর্ষ উদ্ভাবনী ও রোবোটিকস সংগঠন হিসেবে পরিচিত।
তারা নিয়মিতভাবে আয়োজন করে:

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ, কর্মশালা ও হ্যাকাথন, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, উদ্ভাবনী প্রকল্পে সহায়তা ও মেন্টরিং

সংগঠনটির লক্ষ্য হচ্ছে প্রোটোটাইপ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল লেভেল পর্যন্ত উদ্ভাবনকে বাস্তবায়ন করা এবং প্রযুক্তিনির্ভর জাতীয় উন্নয়নে ভূমিকা রাখা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন