লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে (ফ্লাইট নম্বর ইউজেড ০২২২) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
প্রত্যাবাসন প্রক্রিয়াটি বাস্তবায়নে একযোগে কাজ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
ফেরত আসা নাগরিকদের মধ্যে ১৭২ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি চারজন আইওএম পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
আইওএম সূত্রে জানা গেছে, মানবিক সহায়তার আওতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফিরে আসা ব্যক্তিদের মধ্যে কেউ কেউ মানবপাচার বা চরম বিপদের মুখে পড়ে লিবিয়ায় আটকা পড়েছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতেও যারা লিবিয়ায় অনিয়মিতভাবে আটক রয়েছেন, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

