বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আখাউড়া বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু

ডেস্ক রিপোর্ট।।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ ভারতে প্রবেশ করে।

মাছগুলো আগরতলা স্থলবন্দরে পৌঁছে দেয় দুটি পিকআপ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘মোহাতাব অ্যান্ড সন্স’ প্রতিকেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার মূল্যে ইলিশ সরবরাহ করে। মাছগুলো গ্রহণ করে ভারতের ত্রিপুরা রাজ্যের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স পরিতোষ বিশ্বাস।

মাছ রপ্তানির কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান ‘মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন’। প্রতিষ্ঠানটির মালিক ফারুক মিয়া জানান, তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়া বন্দরে মোট ৯০ টন ইলিশ রপ্তানির অনুমোদন রয়েছে। তবে বাজারে চাহিদা ও সংকট বিবেচনায় অনুমোদনের পুরো পরিমাণ রপ্তানি করা সম্ভব নাও হতে পারে।

তিনি আরও বলেন, “দুর্গাপূজার আগের দিন পর্যন্ত ইলিশ রপ্তানি চলবে। আজকের চালান দিয়ে এর সূচনা হলো। আশা করছি, পরিস্থিতি অনুযায়ী আমরা প্রতিদিন কিছু কিছু করে ইলিশ রপ্তানি করতে পারব।”

উল্লেখ্য, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সীমিত পরিমাণে ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। এবারও সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বাজারে ইলিশ সরবরাহ করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন