সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

অমর একুশে বইমেলা এবার আগেভাগেই, শুরু ১৭ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে আগেভাগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সাহিত্য আয়োজন — অমর একুশে গ্রন্থমেলা। ব্যতিক্রমী এই সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের বইমেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর এবং চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির পরিচালকবৃন্দ, সচিব এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) প্রতিনিধিরা।

সভা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। ফলে ঐতিহ্যগতভাবে ফেব্রুয়ারিতে শুরু হওয়া বইমেলার সময় পরিবর্তনের প্রস্তাব আসে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে। সেই প্রেক্ষিতেই মেলা ডিসেম্বর-জানুয়ারি মাসে সরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাপুসের এক প্রতিনিধি বলেন, “নির্বাচনের কারণে জটিলতা এড়াতে আগেভাগে বইমেলা আয়োজনের এই পদক্ষেপ বাস্তবসম্মত। আমরা প্রস্তুতির জন্য যথাযথ সময় পাবো।”

তবে প্রকাশকদের একাংশ মনে করছেন, শীত মৌসুমে মেলা শুরু হলেও শিক্ষাপঞ্জির ব্যস্ততা ও উৎসবকালীন ছুটির কারণে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কিছুটা কমে যেতে পারে।

এদিকে বাংলা একাডেমি জানিয়েছে, মেলা আয়োজনের মূল কাঠামো একই থাকবে। শিশুপ্রহর, লেখক আড্ডা, সাংস্কৃতিক আয়োজন এবং ডিজিটাল বুক কর্নার— সবই থাকবে বরাবরের মতো।

আগামী মাস থেকেই মেলা প্রাঙ্গণে স্টল বরাদ্দ ও প্রস্তুতির কাজ শুরু করবে বাংলা একাডেমি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন