বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ও পূর্ণ নিরাপত্তার দাবি হিন্দু মহাজোটের

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এছাড়া পূজামণ্ডপে সেনাবাহিনী মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে একটি পূজা মনিটরিং সেল গঠনের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক আলোচনায় এ দাবি উত্থাপন করা হয়।

প্রধান দাবিসমূহ:

১. দুর্গাপূজার অষ্টমী, নবমী ও বিজয়া দশমী — এই তিন দিন সরকারি ছুটি ঘোষণা।
২. পূজা শুরুর ১০ দিন আগে থেকে প্রতিটি পূজামণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরা বসানো ও নিরাপত্তা জোরদার।
৩. পূজার সময় সেনাবাহিনীর টহল নিশ্চিত করা।
৪. পূজার নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে একটি পূজা মনিটরিং সেল গঠন।

হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন,

“দুর্গাপূজা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবকে ঘিরে এখনো নানা বৈষম্যের শিকার হচ্ছি আমরা। পূজার মূল ৩ দিনেও সরকারি ছুটি না থাকায় অনেকেই পূজার পূর্ণতা পায় না।”

তিনি আরও বলেন,

“এ বছর নির্বাচন সামনে থাকায় সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতার শঙ্কা বাড়ছে। এরই মধ্যে কয়েকটি জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিরাপত্তা ছাড়া পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না।”

হিন্দু মহাজোট দাবি করেছে, সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া ধর্মীয় সহিংসতা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিচার হয়নি বললেই চলে। বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনের উদাসীনতাই সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে উৎসাহিত করছে।

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। মহাজোটের পক্ষ থেকে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে যেন দুর্গাপূজার প্রতিটি আয়োজন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন