বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের করুণ পরিণতি হতো না — শামসুজ্জামান দুদু

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,

“আওয়ামী লীগ সরকার যদি অতীতে সুষ্ঠু নির্বাচন দিতো, তাহলে তাদের আজ এই করুণ পরিণতি হতো না।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক প্রতীকী যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন,

“গত ১৬-১৭ বছরে অনেক তরুণ প্রাণ আন্দোলনের পথে ঝরে গেছে, লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মানুষ আজ নিজ দেশে নির্বাসিত জীবন যাপন করছে।”

তিনি অভিযোগ করে বলেন,

“এই ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের সম্পদ বিদেশে পাচার করছে, আর এখন বিদেশি মাটি থেকে আবারও ষড়যন্ত্র করছে।”

বিএনপির এই নেতা বলেন,

“আওয়ামী লীগ যদি আবার ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চায়, তাহলে জনগণ আর বসে থাকবে না। এবার সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

তিনি আরও দাবি করেন, একটি সুষ্ঠু নির্বাচনই পারে দেশকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে।

দুদু বলেন,

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের উত্তরসূরি তারেক রহমান আগামীতে দেশের নেতৃত্ব গ্রহণ করবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাই হবে তার মিশন।”

তিনি বলেন,

“বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বহুবার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু তা উপেক্ষিত হওয়ায় আওয়ামী লীগের পতন আজ অনিবার্য হয়ে উঠেছে।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন