জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ-এর সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পারিবারিকভাবে, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে এই বাগদান অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ নিজেই। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বাগদানের কিছু মুহূর্ত শেয়ার করে সকলের দোয়া কামনা করেছেন।
শ্যামলী সুলতানা জেদনী ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির একজন সক্রিয় সংগঠক। তিনি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন সংগঠনটি থেকে। রাজপথে কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে ছাত্ররাজনীতির অঙ্গনে তার ছিল সুপরিচিতি।
অন্যদিকে আবদুল হান্নান মাসউদ বর্তমানে জাতীয় নাগরিক পার্টির একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
সূত্র জানায়, বাগদান অনুষ্ঠানটি সম্পূর্ণ পারিবারিক পরিবেশে, সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়। তবে রাজনৈতিক অঙ্গনের অনেকেই এই খবরে শুভেচ্ছা জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন নবদম্পতিকে।

