বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান—যারা একসময় একে অপরের ছায়াসঙ্গী ছিলেন, সময়ের পরিক্রমায় তাদের সম্পর্ক হয়ে ওঠে অনেকটাই শীতল।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম স্পষ্টভাবে জানিয়েছেন, সাকিবের সঙ্গে তার সম্পর্ক যতটা খারাপ ভাবা হয়, বাস্তবে তা নয়।
তামিম বলেন,
“আমার সঙ্গে সাকিবের কথা হয়েছে, কোয়াব রিফর্মের সময়। অনেকে মনে করে সম্পর্ক খুব খারাপ, বাস্তবে এমন কিছু না। সত্যি কথা বলতে, আমরা যতটা ক্লোজ ছিলাম, এখন আর ততটা নেই। তবে এরকম কোনো সম্পর্ক না, একজন আরেকজনকে দেখলে গুলি মেরে ফেলব।”
তামিম জানান, তার অসুস্থতার সময় সাকিবের পরিবার দেখতে এসেছিল, এমনকি সাকিবের সঙ্গে তার স্ত্রীরও যোগাযোগ হয়েছিল।
তামিম আরও বলেন,
“সাকিব যদি কখনো বিপদে পড়ে, আমি অবশ্যই এগিয়ে যাব। সম্পর্কের জায়গাটা এখনো আছে। সে যদি আমাকে প্রয়োজন মনে করে, আমি থাকব। আমি চাই না এমন পরিস্থিতি আসুক, কিন্তু যদি আসে, আমি আগে এগিয়ে যাব।”
বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার, নেতৃত্ব নিয়ে মতবিরোধ এবং দলে অবস্থানগত প্রতিযোগিতা—এসবই সময়ের সাথে তামিম-সাকিব সম্পর্কের মাঝে দূরত্ব বাড়িয়েছে।
তবে সাম্প্রতিক এই স্বীকারোক্তি দেখাচ্ছে, ব্যক্তিগত শ্রদ্ধা ও সহমর্মিতা এখনো অটুট রয়েছে।

