বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হাজার কোটি টাকার মালিকেরাও এখন দৌড়ে বেড়াচ্ছেন— অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

দেশের সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‌**“হাজার কোটি টাকার মালিকেরাও আজ দৌড়ে বেড়াচ্ছেন।”** দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সততার চর্চা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, সততা ও ন্যায়ের শিক্ষা নিয়েই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার নতুন কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন,
“ছাত্রজীবন থেকেই সততা, দায়িত্ববোধ ও নৈতিকতা গড়ে তুলতে হবে। শিক্ষায় বিনিয়োগ মানে কেবল একটি শিক্ষার্থীকে সহায়তা নয়, বরং একটি জাতির ভবিষ্যৎ গঠনের ভিত্তি স্থাপন করা।”

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনো অনুন্নত জেলা হিসেবে রয়ে গেছে। এই জেলার উন্নয়নে স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত মানুষদেরও দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে ঢাকার বাইরের এলাকায় চিকিৎসক পাঠাতে অনাগ্রহ এখনও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

জেলা সমিতিগুলোর উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন,
“এই সংগঠনগুলো যেন কেবল ব্যক্তি উন্নয়নের প্ল্যাটফর্ম না হয়ে ওঠে, বরং সামাজিক কল্যাণ, শিক্ষা ও সংস্কৃতিতে সমষ্টিকভাবে অবদান রাখে।”

অনুষ্ঠানে ৩১২ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে:

অনার্স পর্যায়ে: ২৫টি,এইচএসসি পর্যায়ে: ১৮২টি,এসএসসি পর্যায়ে: ১০৫টি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এম এ খালেক বলেন,
“আমরা চাই, ব্রাহ্মণবাড়িয়া যেন তার মেধা ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যই পরিচিত হয়, নেতিবাচক ঘটনার জন্য নয়।”

অনুষ্ঠানের শেষ অংশে ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা, যেখানে সংগীত ও আবৃত্তির মাধ্যমে জেলার গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন